অনলাইনে গরু কেনার আহ্বান ঢাকা উত্তর মেয়রের
ঈদুল আজহায় কোরবানি পশুর হাটে না গিয়ে ডিজিটাল হাট ভিজিট করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক ভিডিও বার্তায় মেয়র আতিকুল ইসলাম এ আহ্বান জানান। এসময় তিনি ঢাকাবাসীকে কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলারও আহ্বান করেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, এবার করোনাভাইরাস আছে, স্বাস্থ্যবিধির বিষয়টি আছে, প্রান্তিক চাষির কথাও চিন্তা করতে হবে। সবকিছু মিলেই এবারের কোরবানির হাট। স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সবকিছুর ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে ঢাকা শহরের ভেতর থেকে হাট সরিয়ে ঢাকার বাইরে নিয়ে এসেছি। উত্তরা ১০, ১১, ১২ নং সেক্টর ঘনবসতিপূর্ণ এলাকা তাই সেখানে হাট বসবে না। ওই এলাকার হাট ১৭ নং সেক্টরের বিন্দাবনে নিয়ে গেছি। ওখানে জনবসতি নেই।
তেমনি এবার ভাসানটেক হাট, তেজগাঁও হাট, বছিলা হাট, আফতাব নগর হাট, বনশ্রী হাট, ইস্টার্ণ হাউজিং হাট ও মিরপুরে হাট বসতে দেই নাই। এবার ডিএনসিসির রাজস্ব আহরণ কমে হবে তাতেও সিদ্ধান্ত থেকে সরেনি মেয়র।
ঢাকাবাসীর উদ্দেশে মেয়র বলেন, আমরা হাট কমাচ্ছি, তবে ডিএনসিসির ডিজিটাল গরুর হাট করেছি। আপনাদের পশুর হাটে আসার দরকার নাই। অনলাইনে গরুগুলো বুক করুন, আপনাদের বাসায় গরুগুলো পৌঁছে দেওয়া হবে। যারা অনলাইনে গরু কিনবেন তাদের সেই গরুর স্বাস্থ্যগত সনদ দিয়ে দেওয়া হবে।
তিনি আরো বলেন, যারা গরু কোরবানি নিয়ে ঝামেলার কথা ভাবছেন তাদের উদ্দেশে বলা আপনারা নির্ধারিত চার্জ দিলেই আপনার বাসায় কোরবানির মাংস পৌঁছে যাবে। আপনাদের কিছুই করতে হবে না, আপনার পছন্দের গরুটি দক্ষ কসাই দিয়ে জবাই করে বাসায় মাংস পৌঁছে দেওয়া হবে। এবার ঈদের দিন ৪০০, ঈদের পর দিন এক হাজার এবং ঈদের তৃতীয় দিন ৬০০ গরু কোরবানি করার টার্গেট নির্ধারণ করা হয়েছে। ওই সকল গরু কোরবানি করে নির্ধারিত ব্যক্তির বাসায় মাংস পৌঁছে দেওয়া হবে।